নোয়াখালীর বেগমগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় ছাত্রদলের নেতা ইব্রাহিম মাসুমকে (২৭) গুলি করার অভিযোগ উঠেছে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম ওই এলাকার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ যুবক ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। কী নিয়ে ঘটনার সূত্রপাত, তা এখনও জানা যায়নি।’