নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না।’’
সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। এখানেই ১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “সংসদ নির্বাচন পেছানো নিয়ে জামায়াতে ইসলামীর নেতারা কখনো কোনো বক্তব্য দেননি। আমরা নির্বাচন পেছানো, না করা, এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখিনি। আমাদের আমির সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই। কিন্তু সেই নির্বাচন যেন যেনতেন নির্বাচন না হয়। এই যেনতেনর অর্থ হলো, কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় নির্বাচনকে উদ্দেশ করে আমির বলেছেন, নির্বাচন আমরা হতে দেব। কিন্তু যেনতেন নির্বাচন হতে দেব না। আর যারা করবেন, আমরা তাদেরও মেনে নেব না।’’
তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, নিরপেক্ষ নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন, (মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের) বিচার, সংস্কারসহ ৭ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবি এই জনসভা থেকে তোলা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিসহ বেশ কিছু দাবিও উত্থাপন করা হবে।”
এসময় জামায়াতের সেক্রেটারির সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াযযম হোসেন হেলাল, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।